আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেড়া উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের কর্মসূচি পালন করা হয় । বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব বুনাল্ট চাকমা সকাল ৮ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ফজলুর রহমান ফকির সাহেব (সভাপতি, বেড়া পৌর বিএনপি) এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
সকাল ৯ ঘটিকার সময় শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বয় স্কাউট ও গার্লস গাইড নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পোশাকে কুচকাওয়াজের মাধ্যমে প্রবেশ করে নির্ধারিত স্থানে অবস্থান নেয় । নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তারা তাদের অধিনায়কের আদেশের অপেক্ষায় থাকে এবং ব্যান্ডের বাজনার তালে তালে মার্চ পাস্ট করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যায় । অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বুনাল্ট চাকমা; এ সময় মঞ্চে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন ।
অভিবাদন শেষে শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে তাদের ডিসপ্লে প্রদর্শন করে, যা ছিল দর্শকদের চোখে পড়ার মতো । ছোট ছোট সোনামণিরা ছন্দের তালে তালে নৃত্য পরিবেশন করে ।
২৫শে মার্চের কালো রাত ও গণহত্যা দিবস
অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই ভয়াবহ কালো রাতের কথা স্মরণ করা হয় । ২৫শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ ও নিরস্ত্র বাঙালির ওপর 'অপারেশন সার্চলাইট' নামে পরিকল্পিত আক্রমণ চালায়, যার মূল উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বাধিকার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া ।
রাত ১১:৩০ মিনিটের দিকে পাক বাহিনী ঢাকা সেনানিবাস হতে বের হয়ে শহরের বিভিন্ন স্থানে নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুর ওপর গুলি বর্ষণ করে । এতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয় এবং শহরটি লাশের শহরে পরিণত হয় । উল্লেখ্য যে, ২০১৭ সাল হতে ২৫শে মার্চকে আনুষ্ঠানিকভাবে 'গণহত্যা দিবস' হিসেবে পালন করা হচ্ছে ।
পরিশেষে, ২৫শে মার্চের কালো রাতে এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া করা হয় ।
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.