দারিদ্র বিমোচন ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে তারাব পৌরসভার পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তিকে উপার্জনের মাধ্যম হিসেবে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারটিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জোরালো পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে তারাব পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীর হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। উপকারভোগীর হাতে চাবি তুলে দিয়ে তিনি বলেন, "আমরা শুধু অনুদান দিয়ে কাউকে দীর্ঘমেয়াদে সাহায্য করতে পারি না। তাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই অটোরিকশাটি যেন সেই পরিবারের আয়ের একটি স্থায়ী উৎস হয়ে ওঠে, সেই প্রত্যাশা করছি।"
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভূইয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেন, "পৌরসভার পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগ নিয়মিত চলমান থাকবে। আমাদের লক্ষ্য হলো, সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজের পায়ে দাঁড়াতে পারে। এই অটোরিকশাটি কেবল একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বপ্নপূরণের চাবিকাঠি। আমরা আশা করব, তিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। তিনি জানান, সমাজসেবা ও দারিদ্র বিমোচন কার্যক্রমের আওতায় বাছাইকৃত অসহায় ব্যক্তিদের পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
মেসার্স শাহজাহান এন্টারপ্রাইজ থেকে সরবরাহকৃত এই অটোরিকশাটি পেয়ে উপকারভোগী পরিবারটি আবেগাপ্লুত হয়ে পৌর কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : মোঃ আলিমুজ্জামান
প্রকাশক : মোঃ রবিউল আলম রাজু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.