জামালপুরের মেলান্দহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তারের পর আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আল আমিন সিলু-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ (১৩ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জামালপুর জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ যুবদল নেতা আল আমিন সিলু ও হাজরাবাড়ি পৌর সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আইয়ুব আলীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম।
গ্রেপ্তারকৃত আল আমিন সিলু মেলান্দহের গুজামানিকা গ্রামের মৃত মজনু শেখের ছেলে। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং সদস্য সচিব সোহেল রানা খান তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কৃত আল আমিন সিলুর কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নিবে না এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকের মতো গুরুতর অপরাধে দুই ভিন্ন রাজনৈতিক নেতার একত্রে জড়িয়ে পড়ার এই ঘটনাটি পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক ইসমাঈল হোসেন মামুন
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : উত্তরা,ঢাকা
,ইমেইল : doinikbisforon@gmail.com
Copyright © 2026 দৈনিক বিস্ফোরণ. All rights reserved.