
নিজেস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শরিফা ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের সদস্যদের ভাষ্য, সকালে বাড়ির পেছনে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, আগামী ২৮ সেপ্টেম্বর শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার প্রস্তুতি ও ফলাফল নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন বলে তারা জানান।
এদিকে শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পরিবার। সেখানে পরীক্ষা ও ফলাফল নিয়ে উদ্বেগের কথা উল্লেখ ছিল বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তবে এসব বিষয়কে তার মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে দেখার সুযোগ নেই।
কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রিন্স আহমেদ বলেন, শরিফা কবিতা আবৃত্তি, বিতর্ক ও খেলাধুলায় সক্রিয় ছিলেন। গত ১০ সেপ্টেম্বর বিতর্ক সংসদে তিনি ভালো পারফরম্যান্স করেন। তার মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে।
Leave a Reply