
মামুন মোল্লা
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার তথ্য প্রকাশিত হলেও বাস্তবে বিভিন্ন এলাকায় পেট্রোল ও অকটেন সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ডিজেল প্রায় ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের, ফার্নেস অয়েল ৯৩ দিনের, জেট ফুয়েল ৩০ দিনের, কেরোসিন ২৪০ দিনের এবং মেরিন ফুয়েল ৪২ দিনের জ্বালানি মজুদ রয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এই তথ্যের পরও দেশের বিভিন্ন জেলায় অনেক তেল পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক পাম্প ঘুরেও অনেক বাইকার পেট্রোল বা অকটেন পাচ্ছেন না। এতে অনেক পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। জরুরি প্রয়োজনে বের হয়ে মাঝপথে বিপাকে পড়ছেন চালকরা।
ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা জানান, তেলের মজুদ থাকার খবর থাকলেও বাস্তবে পাম্পে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না। এতে তাদের দৈনন্দিন যাতায়াত ও জরুরি কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে সাধারণ মানুষ ও বাইকারদের দাবি, দ্রুত পাম্পগুলোতে স্বাভাবিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
Leave a Reply