
মামুন মোল্লা :
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় ইমাম মৃধা (যুবক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উলপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ইমাম মৃধা উলপুর গ্রামের জহিরুল মৃধার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply