
নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। নতুন করে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামাও দেশের বাজারে প্রভাব ফেলছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
রুপার দামও বেড়েছে
সোনার পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রুপার দামও। প্রতি ভরি রুপায় ১১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
এর আগে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল সোনার দাম
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই দিন এক ধাক্কায় প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকা করা হয়েছিল।
পরবর্তী সময়ে সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে। এরপর আবারও কয়েক দফায় দাম বাড়া-কমার মধ্য দিয়ে বর্তমানে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায় দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারেও ওঠানামা
আন্তর্জাতিক বাজারেও সোনার দামে সাম্প্রতিক সময়ে বেশ ওঠানামা দেখা যাচ্ছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ১৭ ডলার কমেছে। গত ৩০ দিনে আন্তর্জাতিক বাজারে সোনার দাম মোট ১৫৩ ডলার কমেছে।
চলতি বছরের ৮ জানুয়ারি স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল। এরপর বিশ্ববাজারে সোনার দামে বেশ কয়েক দফা উত্থান-পতন হয়েছে।
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ | সত্য প্রকাশে নিরন্তর প্রচেষ্টা
Leave a Reply